নিবন্ধন ও নবায়নকৃত প্যাডেলচালিত রিকশাই পাবে ই-রিকশার লাইসেন্স: মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালু করা হবে। তবে এ সুবিধা শুধুমাত্র নিবন্ধিত ও নিয়মিত নবায়নকৃত প্যাডেলচালিত রিকশার মালিকরা পাবেন।

সোমবার (৩ আগস্ট) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, যেসব রিকশার নিবন্ধন বা বার্ষিক লাইসেন্স নবায়ন এখনো সম্পন্ন হয়নি, সেসব মালিককে দ্রুত নবায়নের আহ্বান জানানো হচ্ছে। শুধুমাত্র নিবন্ধিত ও নবায়নকৃত প্যাডেলচালিত রিকশার লাইসেন্স জমা দেওয়ার ভিত্তিতেই পরিবেশবান্ধব ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। অনিবন্ধিত রিকশা এ সুবিধার আওতায় আসবে না।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম নগরীতে প্রায় ৭০ হাজার রিকশার লাইসেন্স থাকলেও এর মধ্যে মাত্র ২৫ হাজারের মতো লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রায় ৪৫ হাজার রিকশার মালিককে দ্রুত নবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একদিকে তারা ভবিষ্যতে ই-রিকশা পাওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে সিটি কর্পোরেশনের রাজস্বও বৃদ্ধি পাবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু নতুন ই-রিকশা চালু করা নয়, বরং পুরো রিকশা ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসা। নিবন্ধিত রিকশার তথ্যভান্ডার হালনাগাদ হলে নগরীর যানবাহন ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “ধীরে ধীরে প্যাডেলচালিত রিকশা বন্ধ করে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে চালকদের শারীরিক পরিশ্রম কমবে, যাত্রীসেবার মান বাড়বে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে।”

মেয়র জানান, এই পরিকল্পনার আওতায় দুটি প্যাডেলচালিত রিকশার পরিবর্তে একটি ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। এর ফলে রিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আসবে, যানজট কমবে এবং নগরীতে একটি আধুনিক ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।

তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ই-রিকশা চালুর মাধ্যমে অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহারও ধীরে ধীরে বন্ধ করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং নিরাপদ ও টেকসই নগর পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান কোম্পানি, সহ-সভাপতি খোরশেদ আলম কোম্পানি, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন সোহাগ, মহিলা সম্পাদক সালমা আক্তার শিউলীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here