কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কাস্টমসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। তবে বুধবার (২৯ জুলাই) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাস্টমস কর্তৃপক্ষ ১০টি ভারতীয় গরু নিলামে বিক্রির আয়োজন করে। নিলাম চলাকালে সেখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করেন, তারা প্রকাশ্য ও স্বচ্ছ নিলামের দাবি জানালে তাদের কর্মীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। অন্যদিকে বিএনপির নেতারা বলেন, দল হিসেবে তারা এ ধরনের ঘটনার সমর্থন করেন না এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিস্থিতি শান্ত হওয়ার পর নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বোচ্চ দরদাতা হিসেবে একজন অংশগ্রহণকারী ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ১০টি গরু ক্রয় করেন।
রৌমারী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, ভবিষ্যতে আরও স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে নিলাম আয়োজনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা অভিযোগের ভিত্তিতে গ্রহণ করা হবে।
এই /এমএস
টপিক

