সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একাধিক মামলার পলাতক আসামি রাসেল আহমেদকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১১ ও র্যাব-২। অভিযানে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত সাফাতুল্লার ছেলে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যাবের তথ্যমতে, ধৃত রাসেল দীর্ঘদিন ধরে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী, কোরবানপুর ও শান্তিনগর এলাকায় একটি নিজস্ব বলয় তৈরি করে অপরাধজগৎ পরিচালনা করে আসছিলেন। স্থানীয় শিল্পকারখানা, ড্রেজিং, আবাসন প্রকল্প, নির্মাণসামগ্রীর ব্যবসা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজিসহ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবর্ষণ ও সাংবাদিকদের মারধরের ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল।
গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার (২৪ জুলাই) ভোরে কোরবানপুর এলাকায় তার বসতবাড়ির পাশের একটি গোডাউনে অভিযান পরিচালনা করে র্যাব। সেখান থেকে লুকানো অবস্থায় একটি শটগান, চার রাউন্ড গুলি ও ১৪টি টেঁটা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রাসেলের বিরুদ্ধে সোনারগাঁ ও রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ অন্তত ১২টি মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

