ঝালকাঠিতে গৃহবধূ মলিনা হত্যা: কেরানীগঞ্জ থেকে র‌্যাবের হাতে দ্বিতীয় আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে গৃহবধূ মলিনা রায়কে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত মামলার দ্বিতীয় আসামি জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের প্রধান আসামি রিতোষ ভুক্তভোগীর নিজ ভবনেরই তিন তলার ভাড়াটিয়া ছিলেন। রথযাত্রার দিনে ভবনের বেশিরভাগ বাসিন্দা বাইরে থাকার সুযোগ কাজে লাগিয়ে সহযোগী নয়ন ডাকুয়াকে সঙ্গে নিয়ে তিনি দুই তলার বাসিন্দা তপন রায়ের ঘরে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়েন।

চুরির সময় শব্দ পেয়ে গৃহবধূ মলিনা রায় বিষয়টি বুঝে ফেলেন এবং প্রতিবেশী রিতোষকে চিনে ফেলেন। পরিচয় গোপন রাখতে এবং ধরা পড়ার ভয়ে দুই আসামি মিলে তৎক্ষণাৎ তার হাত-পা বেঁধে মুখে বাজারের ব্যাগ গুঁজে শ্বাসরোধে তাকে হত্যা করে। পরবর্তীতে ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিতে এবং সাধারণ চুরি প্রমাণ করতে প্রধান আসামি রিতোষ নিজের ভাড়াকৃত ঘরের মালামালও এলোমেলো করে রাখে, পরে তারা পেছনের দেয়াল টপকে চম্পট দেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পর সিসিটিভি ফুটেজ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে প্রধান আসামি রিতোষকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

রিতোষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠি সদর থানা পুলিশের সহায়তায় র‌্যাব-১০ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থেকে পলাতক দ্বিতীয় আসামি নয়ন ডাকুয়াকে গ্রেফতার করে। তাকে ইতোমধ্যে ঝালকাঠিতে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দ্বিতীয় আসামি গ্রেফতারের মাধ্যমে বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হলো বলে জানিয়েছে পুলিশ। এখন দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here