ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ এক ছাত্রদল নেতা এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে পৌরসভার সবুজবাগ এলাকা থেকে আদনান রুবেল (২৮) নামের ওই ছাত্রদল নেতাকে আটক করা হয়। তিনি নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। অন্যদিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকা থেকে হাসিবুর রহমান (৩৫) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানার পর তাকে ছাড়িয়ে নিতে পরিবারের পক্ষ থেকে তদবির করা হলেও, মাদকের বিষয়ে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি থাকায় তাকে মুক্তি দেওয়া হয়নি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পৃথক একটি অভিযানে কালিজিরা এলাকায় পুলিশি তল্লাশি চৌকি বসিয়ে হাসিবুর রহমানকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উভয়ের বিরুদ্ধেই নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান জানান, সংগঠনের কারও বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দলীয় নিয়ম অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

