আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য সরকারের: ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. ইকবাল হোসেন এমপি।
শনিবার (১৮ জুলাই) ময়মনসিংহ সার্কিট হাউজে ‘বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে নার্সারি মালিকদের উন্নত ও মূল্যবান প্রজাতির গাছের চারা উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেনের জোগান বাড়ায় এবং মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর ৫ কোটি গাছ রোপণের মাধ্যমে একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিচর্যার বিকল্প নেই। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে এবং সেগুলোর যথাযথ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।