দৌলতপুরে স্থানীয় নেতার বিরূদ্ধে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক স্থানীয় রাজনৈতিক নেতার সাংবাদিকদের সম্পর্কে করা মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার বক্তব্য নিয়ে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে আব্দুস সালাম নামে ওই নেতাকে দৌলতপুরের সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তিনি স্থানীয় সাংবাদিকদের পরিচয় ও পেশাগত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন, যা অনেকের কাছে আপত্তিকর বলে বিবেচিত হয়েছে।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায় যে, দৌলতপুরে সাংবাদিকদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থানীয় বিএনপির মাধ্যমে সমন্বয় করা উচিত। এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সংবাদকর্মীরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করেন এবং কোনো রাজনৈতিক দলের নির্দেশনা অনুযায়ী কাজ করেন না।

জানা গেছে, আব্দুস সালাম উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ড্রেজার ব্যবসা এবং উপজেলা প্রেসক্লাবকে ঘিরে বিভিন্ন বিতর্কের সঙ্গেও তার নাম আলোচনায় এসেছে। এসব বিষয়ে স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই সাংবাদিকদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সাংবাদিকদের দাবি, সংবাদ প্রকাশের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যে তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় এবং এটি স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তবে এ বিষয়ে আব্দুস সালামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে দৌলতপুরসহ আশপাশের এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here