ঝালকাঠি সদরে কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সুবিধা পাবেন ১,৫০০ কৃষক

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠি সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। একই সঙ্গে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে মোট ১২ হাজার ৭৫টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে নারিকেল, আম, লিচু, সফেদা, কাঁঠাল, তাল, বাতাবি লেবু, আমড়া, আমলকি, নিম, বহেরা, মেহগনি, রেইনট্রি, খেজুর, মাল্টা, জলপাই ও কদবেলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।

কর্মসূচির আওতায় একজন কৃষক পাঁচটি করে চারা, ১৫০ কেজি গোবর সার এবং পাঁচটি বাঁশের খুঁটি পাবেন। এছাড়া পৃথক লেবু চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত কৃষকদের পাঁচটি করে লেবুর চারা ও ৩০ কেজি গোবর সার দেওয়া হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রিফাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদ আলম জোমাদ্দার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কাইয়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কৃষকদের মধ্যে বিতরণকৃত চারা যথাযথভাবে পরিচর্যার আহ্বান জানান এবং পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here