নাটোর প্রতিনিধি :
নাটোরের আলোচিত আবুল কালাম হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে র্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র্যাব-৪ (সাভার ক্যাম্প)-এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া এলাকার মৃত হানিফের ছেলে মো. হাফিজ (৩৫) এবং মো. হামজা (৩৬)।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া কদমতলা মোড়ে সজল খান নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে মারধর করা হচ্ছিল। এ সময় কবরস্থান জিয়ারত শেষে ফেরার পথে আবুল কালাম ও আবু কাউসার ঘটনাটি দেখে সজলকে রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা আবুল কালামের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় সজল খান ও আবু কাউসারও গুরুতর আহত হন।
এ ঘটনায় নিহতের ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
টপিক

