নীলফামারী প্রতিনিধি :
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক (প্রশাসন ও সমন্বয়) এম এম ইমরুল কায়েস।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও জবাবদিহিতার ওপর। জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনিক সক্ষমতা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি এম এম ইমরুল কায়েস বলেন, ইউনিয়ন পরিষদ পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা অপরিহার্য। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম, হিসাব সংরক্ষণ, সরকারি বিধি-বিধান, নথি ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা এতে অংশ নেন।

