সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ডিখান ডাঙ্গী এলাকায় গ্রামীণ নারীদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
সোমবার (১৫ জুন ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে নারীদের ভূমি-সংক্রান্ত সরকারি সেবা এবং তাদের আইনগত অধিকার বিষয়ে সচেতন করা হয়। এতে উত্তরাধিকার আইন অনুযায়ী নারীর অধিকার, নামজারি প্রক্রিয়া, ভূমি কর পরিশোধ এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। তিনি বলেন, নারীদের ভূমি অধিকার সম্পর্কে সচেতন করা এবং সরকারি সেবা সহজলভ্য করা এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
উঠান বৈঠকে স্থানীয় নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

