নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরপর তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মন্জুর আহমেদ। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পন্ডিত বাড়িতে আবুধাবি প্রবাসী জনির বাসভবনে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল প্রবেশ করে। তারা ঘরের লোহার দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে নগদ দুই লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়ের টেক এলাকায় কাতারপ্রবাসী আব্দুল হাই মাসুদের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে তারা দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে।
একই রাতে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৬ আনা স্বর্ণালঙ্কার ও কিছু নগদ টাকা লুট করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মন্জুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তারা এলাকায় পুলিশের টহল জোরদার এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

