কুড়িগ্রামে যাত্রীবেশে অটোচুরি, সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামে যাত্রী সেজে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও এখনো অটো উদ্ধার বা জড়িতদের শনাক্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ১০ জুন দুপুরে যাত্রী নিয়ে কুড়িগ্রাম শহরে আসেন। শাপলা চত্বরে কয়েকজন যাত্রী নামানোর পর এক ব্যক্তি নাগেশ্বরী যাওয়ার কথা বলে তার অটোতে ওঠেন।

পরে ওই ব্যক্তি আরও যাত্রী নেওয়ার কথা বলে তাকে পুলিশ লাইনস স্কুল গেটসংলগ্ন এলাকায় নিয়ে যান। সেখানে একটি পুকুরপাড়ে পৌঁছানোর পর তিনি মোবাইলে কথা বলে নাজমুল ইসলামকে অটো রেখে পাশে বসতে বলেন।

নাজমুল ইসলামের দাবি, কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করে এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরদিন জ্ঞান ফিরে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালের একটি বেডে নিজেকে দেখতে পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের সদস্যরা তাকে জানান, স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন। তবে তার অটোরিকশা এবং ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার দুই দিন পর, ১২ জুন, কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে চুরি হওয়া অটোরিকশা উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে জেলার বিভিন্ন এলাকায় একই ধরনের কৌশলে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চুরির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here