পাবনা প্রতিনিধি :
পাবনার বেড়া উপজেলার খাশ আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থী ভর্তি না নেওয়া এবং ভর্তি বাবদ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে।
অভিযোগে বলা হয়, তৃতীয় ও প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে তাদের অভিভাবকের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা দাবি করা হয়। অভিযোগকারী অভিভাবক রফিকুল ইসলাম মুন্সির দাবি, নির্ধারিত সময়েও তার সন্তানদের ভর্তি নেওয়া হয়নি এবং পরবর্তীতে টাকা দাবি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে কথা বলায় প্রধান শিক্ষক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
অভিভাবকের অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত বিরোধের জের ধরে তার সন্তানদের ভর্তি না নেওয়ার বিষয়টি ঘটে থাকতে পারে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অন্যদিকে, প্রধান শিক্ষক রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ভর্তি প্রক্রিয়ায় কোনো টাকা দাবি করা হয়নি। তার দাবি, শিক্ষার্থীরা অন্য একটি বিদ্যালয়ে ভর্তি রয়েছে এবং বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ রয়েছে বলে এলাকায় আলোচনা চলছে।
এই বাংলা/এমএস
টপিক

