বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকার দেশব্যাপী ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবে বকশীগঞ্জেও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।
তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

