কুড়িগ্রাম প্রতিনিধি :
গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় আংশিক লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ জুন) থেকে আগামী সোমবার (১৫ জুন) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম।
রংপুর পাওয়ার গ্রিডের গ্রিড সংরক্ষণ বিভাগ জানায়, ১৩২ কেভি রংপুর-কনফিডেন্স সঞ্চালন লাইনের সার্কিট-০১-এর ক্ষমতা বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বিভিন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হবে। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য ওই লাইনটি বন্ধ রাখতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় প্রায় ৪০ মেগাওয়াট লোড কমাতে হতে পারে, যার প্রভাব রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় পড়বে। এতে নেসকো এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন ফিডারে আংশিক লোডশেডিং হতে পারে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে গ্রাহকদের আগেই বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম বলেন, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন চার দিন সন্ধ্যার পর কিছুটা লোডশেডিং হতে পারে। তবে এটি তীব্র আকার ধারণ করার সম্ভাবনা কম এবং গ্রাহকদের সচেতন করার জন্য আগেই প্রচারণা চালানো হচ্ছে।

