পঞ্চগড় প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সীমান্তে যে ‘পুশইন’ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি। তিনি বলেন, এ ধরনের কার্যক্রমে মানুষকে অমানবিক পরিস্থিতিতে ফেলা হচ্ছে, যা স্পষ্টভাবে মানবতাবিরোধী আচরণ।
শুক্রবার (১২ জুন) বিকেলে পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সীমান্তে এ ধরনের কার্যক্রম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর। এ বিষয়ে দায়িত্বশীলদের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো উচিত। প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেমন জাতিসংঘেও উত্থাপন করা যেতে পারে বলে তিনি মত দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ভূমিকার প্রশংসা করেন এবং তাদের দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ জানান।
এ সময় বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জবাবদিহি ও স্বচ্ছতা ছাড়া কোনো বাজেট জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে না। দেশের জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর প্রদান করলেও সেই অর্থের ব্যবহার সম্পর্কে স্পষ্টতা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাজেটের সুফল অবশ্যই তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে হবে। সরকার যদি স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করে কার্যকরভাবে দায়িত্ব পালন করে, তাহলে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ সম্ভব হবে।

