ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা এবং নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের মেধা ও সৃজনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশ এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আফরোজা বেগম, ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার মো. শাহানুর আলম, ডিমলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, এমপির পিএস মো. রফিক আজিজসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা তাদের প্রকল্প উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

