সাটুরিয়া প্রতিনিধি :
দেশে নারীদের উচ্চশিক্ষা সহজলভ্য করতে স্নাতক (গ্র্যাজুয়েট) পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, নতুন বাজেটে নারী শিক্ষা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা হলরুমে আয়োজিত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের বাজেট জনকল্যাণ ও টেকসই উন্নয়নকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দ শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে নারী শিক্ষার অগ্রযাত্রা সফল করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ জনকে আর্থিক সহায়তা প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন কাজী মোহাম্মদ অনিক ইসলাম। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ সারওয়ার আলম ও ফকির জাকির হোসেন। দিনব্যাপী আয়োজনে সাটুরিয়া উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয় ও একটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

