খননের পর প্রাণ ফিরেছে দেড় কিলোমিটার খালে, পরিদর্শনে এমপি আব্দুল মুনতাকিম

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের একটি দীর্ঘদিনের মৃতপ্রায় খাল পুনঃখননের মাধ্যমে নতুন প্রাণ ফিরে পেয়েছে। দেড় কিলোমিটার দীর্ঘ খালটিতে আবারও পানির প্রবাহ শুরু হওয়ায় খুশি স্থানীয় কৃষক ও বাসিন্দারা। খালের পানি কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

শুক্রবার দুপুরে খালটির খননকাজ পরিদর্শন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম

পরিদর্শনকালে তিনি বলেন, “এই খাল এলাকার কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন অত্যন্ত জরুরি ছিল। বর্তমান সরকার দেশের খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।”

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ এবং পুটিমারী ইউনিয়ন জামায়াতের আমির আফজালুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি প্রায় ভরাট হয়ে থাকায় পানি চলাচল বন্ধ ছিল। খননকাজ শুরু হওয়ার পর খালে পানির প্রবাহ ফিরে এসেছে এবং আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে বলে তারা আশাবাদী। সম্পূর্ণ খননকাজ শেষ হলে কৃষকরা আরও বেশি উপকৃত হবেন বলে মত দেন তারা।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আরএস ৬৯, ১৫৭ ও ৪৩৬ দাগভুক্ত এলাকায় প্রায় দেড় কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৩৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে পরিচালিত এ প্রকল্পটি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

স্থানীয়দের প্রত্যাশা, খালটির পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেচ সংকট কমবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here