ঢাকা প্রতিনিধি :
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণের বেশি বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এক যৌথ বিবৃতিতে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ।
ড্যাব নেতারা বলেন, স্বাস্থ্যখাতে প্রায় দ্বিগুণ বরাদ্দ দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। এ বরাদ্দ প্রমাণ করে, সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিবৃতিতে আরও বলা হয়, উন্নত স্বাস্থ্যব্যবস্থা, রাষ্ট্র সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার যে অঙ্গীকার সরকার করেছে, স্বাস্থ্যখাতে এই অভূতপূর্ব বিনিয়োগ তারই বাস্তব প্রতিফলন।
ড্যাব নেতারা আশা প্রকাশ করেন, নতুন বরাদ্দের ফলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ (ইউএইচসি) বাস্তবায়ন আরও শক্তিশালী হবে। পাশাপাশি সরকারি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
তারা বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের চিকিৎসক সমাজ অতীতের মতো ভবিষ্যতেও সরকারের ইতিবাচক উদ্যোগে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করবে।
এই বাংলা/এমএস
টপিক

