কিশোরগঞ্জে সাংবাদিক মারধর মামলায় একজন গ্রেপ্তার, অন্য আসামিদের ধরতে অভিযান

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রাম থেকে রশিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের তালেব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সাংবাদিক সাহেব আলীকে রাস্তায় আটকিয়ে মারধরের অভিযোগে দায়ের করা মামলার ৪ নম্বর আসামি রশিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুন “কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি” শিরোনামে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সাহেব আলী। পরদিন তিনি ও ডিআরবি’র সাংবাদিক লিওন মোটরসাইকেলে বড়ভিটা থেকে বেড়গাড়ীর দিকে যাওয়ার সময় অভিযুক্তরা তাদের পথরোধ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (৪৮) ও তার সহযোগীরা সাহেব আলীকে টেনে বিদ্যালয়ের সামনে নিয়ে গিয়ে মারধর করেন। এ ঘটনায় ওই রাতেই সাংবাদিক সাহেব আলী প্রধান শিক্ষককে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা প্রধান শিক্ষককে দ্রুত গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন বলে জেনেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হননি এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here