ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল-এর সহযোগিতায় বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ গাজী।
দিনব্যাপী এ কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে চক্ষু চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন, যা এলাকার জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

