এডিনবরায় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

 

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) গ্রেফ্রিয়ার্স চার্টারিস সেন্টারে আয়োজিত এ সভায় বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, উদ্যোক্তা ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম।

মূল বক্তব্যে তিনি বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব নীতি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং উৎপাদন শিল্প, প্রযুক্তি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও বাণিজ্য খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজন করেন এডিনবরায় বাংলাদেশের অনারারি কনসাল ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এবং এডিনবরার বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্বাগত বক্তব্যে ড. ওয়ালি তাসার উদ্দিন বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিনিয়োগ, বাণিজ্য, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা বিনিয়োগ প্রক্রিয়া, ব্যবসায়িক নীতিমালা, রপ্তানি সম্ভাবনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে সরাসরি আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here