সদরপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সহযোগিতা কামনা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম সদরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। এ সময় তিনি উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর উপজেলা পরিষদ দরবার হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, ইমাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে জেলা প্রশাসক দিনব্যাপী সদরপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কুমার নদের ভাঙনপ্রবণ এলাকা ও নদী পুনর্খনন কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া উপজেলা ভূমি অফিস, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এবং নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সফরকালে তিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার জন্য চেক প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট নাগরিক কার্ড বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবামূলক কার্যক্রমের প্রদর্শনী পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে উপস্থিত ব্যক্তিদের মতামত শোনেন। তিনি জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হলে জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here