বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ/ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারে সরকারি হাসপাতালের বিপরীতে নবনির্মিত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি শেখ মোহাম্মদ সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ASF জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম চৌধুরী ননী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব চৌধুরী (স্বপন)।
অনুষ্ঠানে সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদান করাই সংগঠনটির মূল লক্ষ্য। মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরির মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ASF কাজ করে যাচ্ছে। নতুন কার্যালয়টি স্থানীয়দের জন্য সেবা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
তারা আরও বলেন, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সুধীজনদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক

