গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মিনি ট্রাকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) ভোরে গাজীপুর মহানগরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি মিনি ট্রাক থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাক চালক মো. সাকিব মিয়া (৩৪) এবং কসবা উপজেলার বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সালনা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন মিনি ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জয়েরটেক এলাকায় পৃথক অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুরঞ্জন দাস ইমন, তাপস ও রাকিব।
কোনাবাড়ী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং হেফাজত থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

