ময়মনসিংহে পুলিশের অভিযানে পরিত্যক্ত বাড়ি থেকে ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরের আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাপাতি, চাকু, লোহার রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আকুয়া বেকারি গলির নাছিমা নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে অস্ত্র মজুদ রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানটি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

অভিযানে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা, এএসআই মনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়। ঘটনাস্থলে ওসি নিজেও উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ওসি শিবিরুল ইসলাম বলেন, নগরীতে অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র কারা মজুদ করেছিল এবং কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ধারণা, উদ্ধারকৃত অস্ত্রগুলো ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে তাদের সন্দেহ ছিল। পুলিশের এ অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here