রাজশাহী প্রতিনিধি :
আসন্ন কোরবানিকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। তিনি বলেন, “পরিষ্কার ও নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে চামড়া ছাড়িয়ে ভালোভাবে লবণ মেখে সংরক্ষণ করতে হবে। সরকার চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করছে-এটি সঠিকভাবে ব্যবহার করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, “মসজিদের মাধ্যমে মুসল্লিদের সচেতন করার দায়িত্ব আপনাদের নিতে হবে। সবাই সচেতন হলে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, কোরবানির পশু সঠিকভাবে জবাই ও চামড়া সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। পশু জবাই শেষে দ্রুত চামড়া ছাড়িয়ে তাতে পর্যাপ্ত লবণ প্রয়োগ করে সংরক্ষণ করতে হবে। এছাড়া যেখানে-সেখানে পশু জবাই না করে নির্ধারিত স্থানে জবাই করার জন্যও তিনি আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ। কর্মশালায় ইমাম, মোয়াজ্জিন, গরু-ছাগল ব্যবসায়ী, খামারি, কসাই, মাংস ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কোরবানির সময় স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই ও চামড়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চামড়ার গুণগত মান রক্ষায় সহায়ক হবে।
এই বাংলা/এমএস
টপিক

