বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকসমাগমের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার লক্ষ্যে টুর্নামেন্টটির আয়োজন করে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, জেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। তারা এ ধরনের ক্রীড়া আয়োজনকে সামাজিক বন্ধন সুদৃঢ় করার কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সানরাইজ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ও এফ ব্লক কিশোর সংঘ। শুরু থেকেই দুই দলের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। নির্ধারিত সময় শেষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে এফ ব্লক কিশোর সংঘকে পরাজিত করে সানরাইজ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ, ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুভ সূচনা করে দলটি।
খেলা শুরুর আগেই মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকা থেকে অসংখ্য ফুটবলপ্রেমী মাঠে এসে খেলা উপভোগ করেন। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক শক্তিশালী দল অংশগ্রহণ করছে। এ আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি হবে এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

