নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় ‘ভাই ভাই ডেকোরেশন’-এর কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। একপর্যায়ে এলাকার বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঘেরাও করে রাখে।
এ সময় পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘চট্টগ্রাম প্রতিদিন’-এর দুই সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপডেট: সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এই বাংলা/এমএস
টপিক

