গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে একাধিক ছিনতাই মামলার আসামি এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম রাকিবুল হাসান ওরফে রাকিব (৩০)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১১টি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার মহানগরীর লক্ষীপুরা তিন সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা রাকিবকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়, যা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার চকশিয়ালকোনা গ্রামের বাসিন্দা। তিনি মো. আবুবকর সিদ্দিকের ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযান পরিচালনা করে ১১টি মামলার এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, রাকিব দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মহানগরজুড়ে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস, মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

