পবায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহীর পবা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

তিনি বলেন, গ্রামীণ এলাকায় ছোটখাটো অপরাধ ও বিরোধের ঘটনাই বেশি ঘটে। এসব বিষয় গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হলেও সচেতনতার অভাবে অনেকেই থানা বা জেলা আদালতের শরণাপন্ন হন। এতে সময় ও অর্থের অপচয় হয় এবং বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হয়।

তিনি আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো গেলে সহজেই স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা জরুরি। গ্রাম আদালতের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে বিচারপ্রাপ্তি সহজ হবে, মামলা জট কমবে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে—যা সরকারের ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মশালায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- গ্রাম পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করা, ইউনিয়ন পরিষদে নিয়মিত উঠান বৈঠক আয়োজন, স্কুল-কলেজে সচেতনতামূলক আলোচনা, স্থানীয় গণমাধ্যমে প্রচারণা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান। উপজেলা সমন্বয়কারী রঞ্জন কুমার রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন এবং জেলা ব্র্যাকের সমন্বয়কারী মো. মহসিন আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মতামত দেন, গ্রাম আদালতকে কার্যকর করতে হলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ অপরিহার্য। এতে করে সাধারণ মানুষ দ্রুত, সাশ্রয়ী ও সহজ পদ্ধতিতে ন্যায়বিচার পেতে সক্ষম হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here