বামনা প্রতিনিধি :
বরগুনার বামনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তরসহ চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রকল্পের শিক্ষকবৃন্দ।
সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় বামনা উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বাকাবিল্লাহ। তিনি বলেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে চালু হওয়া এ প্রকল্প ইতোমধ্যে সফলভাবে সাতটি পর্যায় সম্পন্ন করে বর্তমানে অষ্টম পর্যায়ে চলমান রয়েছে।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ষষ্ঠ পর্যায় পর্যন্ত প্রায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন এবং সপ্তম পর্যায়ে ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে এ প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বক্তব্য রাখেন মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। তিনি বলেন, বর্তমানে প্রকল্পে ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা স্বল্প ভাতা ও অনিশ্চিত অবস্থায় দায়িত্ব পালন করে আসছেন।
বক্তারা অভিযোগ করেন, পাঠদানের পাশাপাশি শিক্ষকরা যাকাত সংগ্রহে উদ্বুদ্ধকরণ, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম বিনা পারিশ্রমিকে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন।
মানববন্ধন থেকে তাদের প্রধান দাবিসমূহ তুলে ধরা হয়। দাবিগুলো হলো— মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর এবং সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

