নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে একজন নিহত হয়েছে। নিহত মোঃ মনির হোসেন (৩০) উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মোঃ রাজ্জাকের ছেলে। একই দিন সকাল দশটার দিকে উপজেলার কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামে মারপিটের এই ঘটনা ঘটে।
শনিবার (১৬ মে) রাত পৌনে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে মনির হোসেনের বিরোধ চলছিলো। শনিবার সকালে জমির সীমানা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাঁধে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এতে মনির হোসেন গুরুতর আহত হলে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই বাংলা/এমএস
টপিক

