গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় উন্নয়ন প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আল রাজিব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ঈমাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিরুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, অটিজম শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অন্য সন্তানের মতো তাদের প্রতিও সমান যত্ন, পরিচর্যা, স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই তাদের অবহেলা করা যাবে না।

এদিকে আলোচনা সভা ও শোভাযাত্রার আগে আবেদনের ভিত্তিতে জেলার বিভিন্ন উপজেলার ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, অক্সিলারি ক্রাচ ও স্মার্ট সাদাছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here