নিজস্ব প্রতিবেদক :
সামাজিক, মানবিক ও সেবামূলক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে বৈশাখী আড্ডা ও সফল রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। অনুষ্ঠানে ‘রত্নগর্ভা মা সম্মাননা’ পান চট্টগ্রামের দু’জন সফল মা বীণাপাণি বড়ুয়া ও মমতাজ বেগম।
অনুষ্ঠান সফল করতে সিলেট থেকে সার্বিক দিকনির্দেশনা দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম. এ সবুরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সচিব স. ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও সংগঠনের উপদেষ্টা একরাম হোসেন, সহ-সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী এবং সৈয়দ মোস্তফা আলম মাসুম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেন, মা দিবস মাতৃত্বের গুরুত্ব ও মায়ের অবদান স্মরণ করিয়ে দেয়। প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য গুরুত্বপূর্ণ হলেও, বিশেষ এই দিনটির আলাদা তাৎপর্য রয়েছে। তিনি বলেন, একটি আদর্শ পরিবার গঠনে মা-বাবা উভয়ের অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। সুশিক্ষিত জাতি গঠনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই।
বক্তারা বলেন, বর্তমানে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ায় বৃদ্ধাশ্রম সংস্কৃতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিবারে পারস্পরিক ভালোবাসা ও দায়িত্ববোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রোটারিয়ান এস এম আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন নিজামী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য আবু হানিফ জনি, মনির আহমদ, চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়ন সাজেদা বেগম, নজিব চৌধুরী ও আসিফ ইকবাল প্রমুখ।
আলোচনা সভা শেষে রত্নগর্ভা সম্মাননা প্রাপ্ত মায়েদের হাতে ক্রেস্ট ও সম্মাননা অর্থ তুলে দেন প্রধান অতিথি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই বাংলা/এমএস
টপিক

