রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর পবা উপজেলায় ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।
তিনি কৃষকদের উদ্দেশে বলেন, “টেকসই উন্নয়নে কৃষিখাত আধুনিকায়নের বিকল্প নেই। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে হলে কৃষিকে অবশ্যই আধুনিক প্রযুক্তিনির্ভর করতে হবে।
মাটির স্বাস্থ্য রক্ষা করতে হবে, সুষম সার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কীটনাশক ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। উন্নত বীজ, সঠিক সার ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
এমপি মিলন বলেন, কৃষি এখন আর শুধু ঐতিহ্যগত চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বাণিজ্যিক ও প্রযুক্তিনির্ভর খাতে পরিণত হয়েছে। তাই কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন নবী, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।
এই বাংলা/এমএস
টপিক

