চরভদ্রাসনে পুলিশের উপর হামলার পর পলাতক আসামি কবির খান গ্রেফতার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও চিহ্নিত আসামি কবির খান (৫৩) অবশেষে গ্রেফতার হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে আটক করে চরভদ্রাসন থানা পুলিশ।

এ অভিযানে দোহার থানা পুলিশের সহযোগিতা ছিল। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত কবির খান চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। স্থানীয়দের কাছে তিনি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু হিসেবে পরিচিত।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মুন্সির চর বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করলেও, পরে তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

ঘটনার পর একইদিন চর হরিরামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আলমগীর (২৫) নামে আরও একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চরভদ্রাসন থানার এসআই এনামুল হক জানান, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগেই দুটি মামলা ছিল। এছাড়া পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই রফিকুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সির চর বাজারে অভিযান চালায়। অভিযানে এসআই মোজাম্মেল হক, কাজী রিপন, সহকারী পরিদর্শক সোহেল রানা ও কনস্টেবল উজ্জল অংশ নেন।

গ্রেফতারের পর কবির খানকে মোটরসাইকেলে তোলার সময় তার বড় ভাই সূর্য খানসহ অন্য স্বজনরা বাধা দেন এবং পুলিশকে লক্ষ্য করে হামলা চালান। পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালিয়ে কবির খানকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here