পিরোজপুরের মাছিমপুরে নিজাম উদ্দিন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর শহরের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে মাছিমপুরস্থ নিজাম উদ্দিন খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

পিরোজপুর জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সার্বিক নির্দেশনায় পরিচালিত এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ পিরোজপুর’ এবং ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ’ পিরোজপুর জেলা শাখা। পিরোজপুর পৌরসভার কর্মীবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা খালের ভেতরের বর্জ্য এবং কচুরিপানা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার প্রাথমিক কাজ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খালটি বর্তমানে কেবল পরিষ্কারই করা হচ্ছে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। প্রথম ধাপে পরিচ্ছন্নতা কাজ চললেও পরবর্তী ধাপে খালের দুই পাড় দখলমুক্ত করা হবে। এরপর সরকারি প্রকল্পের আওতায় খালটি পুনরায় খনন করা হবে যাতে মাছিমপুরসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্থায়ীভাবে উন্নত হয়।

এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তারা জানান, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও দখলের কারণে খালটি মৃতপ্রায় ছিল। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপের ফলে এলাকার পরিবেশ সুন্দর হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন জেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং পজিটিভ পিরোজপুরের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পিরোজপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here