কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় ময়লার ভাগাড় ও বাজারের নোংরা পানির দুর্গন্ধে সৃষ্টি হয়েছে চরম অস্বস্তিকর পরিবেশ। এতে যাত্রী, পথচারী ও আশপাশের বাসিন্দারা পড়েছেন ভোগান্তিতে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে যাত্রী বিশ্রামাগার ও শৌচাগার।
সরেজমিনে দেখা গেছে, রাজারহাট স্টেশন ভবনের দুপাশে জমে থাকা নোংরা পানি, কচু-কচুরিপানা ও আবর্জনার স্তূপ পুরো এলাকাকে দুর্গন্ধময় করে তুলেছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ঢালাই উঠে গেছে। যাত্রীদের ওঠানামার জন্য নেই কোনো মানসম্মত প্ল্যাটফর্ম।
লালমনিরহাটগামী যাত্রী মোঃ রিফাত হোসেন বলেন, “চারপাশের ময়লা পানি ও আবর্জনার দুর্গন্ধে এখানে দাঁড়িয়ে থাকাই কষ্টকর।”
রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মোঃ আসাদুর রহমান শিমু বলেন, “স্টেশনের আশপাশ নিচু হওয়ায় বাজার ও কচুবাগানের সব ময়লা এখানে এসে পড়ে। যাত্রীদের জন্য শৌচাগারের ব্যবস্থা না থাকায় তারা আশপাশের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্টেশন প্রবেশপথের পান বিক্রেতা মোঃ হাফিজুর রহমান জানান, স্টেশন ভবন সংস্কারের জন্য বরাদ্দ এলেও এখনো কাজ শুরু হয়নি।
এ বিষয়ে রাজারহাট রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সুমন মিয়া বলেন, “পরিচ্ছন্ন রাখতে আমরা চেষ্টা করি, কিন্তু স্থানীয়দের অসচেতনতার কারণে রাতের আঁধারে ময়লা ফেলা হয়। এছাড়া মসজিদের ওজুর পানি ও মাছ বাজারের নোংরা পানি এখানে জমে পরিস্থিতি আরও খারাপ করছে।”
স্টেশন ভবনের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, “সংস্কারের জন্য বরাদ্দ এসেছে। প্রথমে দরজা-জানালার কাজ শুরু হবে, এরপর মূল ভবনের মেরামত করা হবে। পাশাপাশি প্ল্যাটফর্ম নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।”
স্থানীয়দের দাবি, দ্রুত স্টেশন এলাকা পরিষ্কার, মাটি ভরাট এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা না হলে ভোগান্তি আরও বাড়বে।
এই বাংলা/এমএস
টপিক

