গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় জমির ‘ওয়ারিশ’ দাবিকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুন বাসন মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের ইটাহাটা মৌজায় অবস্থিত একটি জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন মোঃ হারুন। তিনি জানান, জমিটি তার নামে যথাযথভাবে নামজারি করা এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন।
তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি নিজেদের ওই জমির ‘ওয়ারিশ’ দাবি করে সেখানে উপস্থিত হয়ে উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করেন। অভিযোগ রয়েছে, তারা দলবল নিয়ে এসে ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে টিনের বেড়া দিয়ে জমি ঘিরে ফেলার চেষ্টা করে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়। পাশাপাশি নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগী মোঃ হারুন বলেন, “আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। হঠাৎ কিছু লোক বেআইনিভাবে ‘ওয়ারিশ’ দাবি তুলে দখলের চেষ্টা করছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
বাসন মেট্রো থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের দখলচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

