মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে মানবিক সংগঠন রওশন শফিক ফাউন্ডেশন হেল্পিং হ্যান্ডস–এর উদ্যোগে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল কেডস, খাতা, কলম, পেন্সিল, ইরেজারসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। আয়োজকদের লক্ষ্য, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দেওয়া এবং তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী নসু, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাসেম ভূইয়া, প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথ, সহকারী শিক্ষক মাওলানা নুরুল কবির, ফাউন্ডেশনের সমন্বয়ক আমিনুর রহমান চৌধুরী মামুন, সদস্য জিয়াউর রহমান চৌধুরী, বদিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী উম্মে নাহার, আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আসাদুল হক চৌধুরী, জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ইয়াছমিনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী নসু বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের টিউশন ফি, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

