কুড়িগ্রাম প্রতিনিধি :
সোমবার (৬ এপ্রিল ২০২৬) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের জনগণ এ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয়, যা ভূরুঙ্গামারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা অযাচিতভাবে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন, যা শিক্ষা পরিবেশকে বিঘ্নিত করছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও তাদের স্থায়ীভাবে অপসারণের দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ বলেন, শিক্ষাঙ্গনকে কলুষমুক্ত রাখতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ সালাম, মোঃ ইফতেখারুল ইসলাম শ্যামা, মোঃ গোলাম ইয়াছিন, যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্তসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জামায়াতের ছাত্র নেতা মোঃ খোরশেদ আলম।
উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাবেক প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

