মাইজদীতে ছদ্মবেশী অভিযানে ৩৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর মাইজদীতে ছদ্মবেশে পরিচালিত যৌথ অভিযানে ৩৯৮০ পিস ইয়াবাসহ এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মাইজদী নতুন হাউজিং এলাকার বালুর মাঠ সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন জহির (৫৫) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপাল ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুল হকের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১, সিপিসি-৩ এর সমন্বয়ে একটি দল ঘটনাস্থলে ছদ্মবেশে অবস্থান নেয়। নির্ধারিত স্থানে পৌঁছালে সন্দেহভাজন জসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানান, তিনি পেশায় ইটভাটার শ্রমিক হলেও পাশাপাশি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীতে সরবরাহ করতেন। এর আগে তিনি একাধিকবার একই ধরনের চালান সরবরাহ করেছেন এবং প্রতিটি চালানের জন্য প্রায় ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here