বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা উপজেলায় গত এক সপ্তাহে ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হামের উপসর্গ দেখা দেওয়া শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। এদের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে এবং ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে একজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, অপর দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন জানান, জ্বর, কাশি, সর্দি ও শরীরে চাকা চাকা ওঠা—এমন উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে আনা হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, সচেতনতার মাধ্যমেই হামের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের জ্বর ও শরীরে দাগ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আক্রান্তদের বেশি করে তরল খাবার খাওয়ানো এবং ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখার কথাও জানান।
ডা. শাহীন আরও বলেন, দুই বছর বা তার বেশি বয়সী শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে। নিকটস্থ হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক থেকে হামের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

