নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত ৪টি অবৈধ ইটভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। এ সময় ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এছাড়া সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা সহযোগিতা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—
- মেসার্স এস কে এস ব্রিকস, ঘিওরকোল, নাগরপুর: ৫ লাখ টাকা জরিমানা এবং কাঁচা ইট ধ্বংস
- মেসার্স আবিদ ব্রিকস, ডাঙ্গা শালিকা, নাগরপুর: ৩ লাখ টাকা জরিমানা এবং কাঁচা ইট ধ্বংস
- মেসার্স বুশরা ব্রিকস, ভাবনপাড়া, নাগরপুর: ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং কাঁচা ইট ধ্বংস
- মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ড, ভাটপাড়া, নাগরপুর: ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং কাঁচা ইট ধ্বংস
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

