পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক বিশেষ ‘সমন্বিত অভিযান’ পরিচালিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে শহরজুড়ে এই বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম চালানো হয়।
উক্ত অভিযানে সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান করেন পিরোজপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
অভিযান চলাকালীন জেলা প্রশাসক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, ড্রেন এবং স্থবির জলাশয় পরিদর্শন করেন। এসময় তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি উল্লেখ করেন, কেবলমাত্র সরকারি উদ্যোগ নয়, বরং সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণই পারে মশাবাহিত রোগের প্রকোপ থেকে জেলাবাসীকে রক্ষা করতে।
সমন্বিত এই অভিযানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, পৌরসভা কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানকালে লার্ভা পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন স্থানগুলোতে কীটনাশক স্প্রে করা হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

