ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হুদা (তারিক)-এর বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদ ব্যবহারের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, নাজমুল হুদা ১৯৯৩ সালে পীরগাছা কলেজ থেকে বিএ পাস করেছেন বলে সনদে উল্লেখ রয়েছে। তবে বিষয়টি যাচাই করতে গিয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের রেকর্ডে ওই নাম বা রোল নম্বরে কোনো শিক্ষার্থীর তথ্য পাওয়া যায়নি। পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মোরশেদা বেগম লিখিতভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগের বিষয়ে নাজমুল হুদা তারিক বলেন, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। এ কারণে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

