কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হযরত ইমাম হাসান (আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ), ১৫ রমজান উপলক্ষে উপজেলার আল হুসাইনী দরবার শরীফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারও আল হুসাইনী দরবার শরীফের পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ও আহলে বায়াতের অন্যতম সদস্য হযরত ইমাম হাসান (আ.)-এর জীবনাদর্শ ও ইসলামে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মাহফিলে বক্তারা বলেন, নবী পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা মুসলমানদের ঈমানের অংশ। হযরত ইমাম হাসান (আ.)-এর জন্মদিনে আনন্দ প্রকাশ ও অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায়।
অনুষ্ঠানে ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন আশরাফী দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। এতে স্থানীয় ওলামায়ে কেরামসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

